...

“উই আর লুকিং ফর রেজাল্ট” লিখে নজরুল বিশ্ববিদ্যালয় ইএসই বিভাগের ভিন্নরকম প্রতিবাদ

অনলাইন ডেস্ক প্রকাশ: ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ১৮:৪২

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

স্নাতক শেষ বর্ষের ফলাফল প্রকাশে বিলম্ব করায় ভিন্নরকম উপায়ে প্রতিবাদ জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীরা। সাম্প্রতিক আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব লুৎফুজ্জামান বাবরের ভাইরাল ডায়লগ “উই আর লুকিং ফর শত্রুজ” এর আদলে “উই আর লুকিং ফর রেজাল্ট” এর পোস্টার দেখা গেছে এই বিভাগের দেয়ালে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দেয়ালে এমন পোস্টার দেখা গেছে। রাজনৈতিক ব্যক্তিত্ব লুৎফুজ্জামান বাবরের ভাইরাল ছবিসহ প্রতিবাদি পোস্টারটিতে দেখা যায়, “উই আর লুকিং ফর রেজাল্ট, প্রিয় ইএসই বিভাগ, যত দ্রুত সম্ভব অনুগ্রহকরে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক শেষ বর্ষের ফলাফল প্রকাশ করুন।”
একই পোস্টারে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরও প্রতিবাদ করতে দেখা যায়।

এ বিষয়ে একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, সেশনজটের ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে আমাদের একাডেমিক এবং প্রফেশনাল ক্যারিয়ারে। এজন্য আমরা চাকরির বাজারের প্রতিযোগিতায় আসতে পারছি না। 

ইএসই বিভাগের এক শিক্ষার্থী বলেন, আমার ব্যাচের অন্য বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা যখন চাকরির আবেদন করছে তখনো আমাদের তখনো অনার্সের রেজাল্ট পাওয়া বাকি।

ইএসই বিভাগের শিক্ষার্থী শেখ শাকিল আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, অনার্স আর শেষ করা হলো কই? ২০১৭-১৮ সেশন আমরা, এখনো অনার্স শেষ করা হলোনা। রেজাল্ট নিয়ে আর বের হওয়া হলোনা। অথচ কত জুনিয়র শুনি মাস্টার্স শেষ করেও নাকি বের হয়ে পড়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে।