...

ভর্তি পরীক্ষায় শিফট বাতিল ও ফি কমানোর দাবি জাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

Paru Vai প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৪, ০৯:৩২

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে শিফট বৈষম্য, ইউনিটের সংখ্যা বৃদ্ধি এবং অপরিবর্তিত আবেদন ফি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। সেইসাথে এমন হঠকারী সিদ্ধান্তকে প্রত্যাখান করে সংস্কারপূর্বক এর যথাযথ পরিবর্তনের দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার মূখ্য সংগঠক নকিব আল মাহমুদ অর্নব স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

IMG 20241221 WA0003

বিশ্ববিদ্যালয় কতৃক প্রকাশিত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে স্নাতক (সম্মান) ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ ইউনিটের জন্য ৯০০ টাকা, ‘ই’ ইউনিটের জন্য ৭৫০ টাকা, ‘সি-১’, ‘এফ’, ‘জি’ এবং ‘এইচ’ ইউনিটের জন্য ৬০০ টাকা, এবং ‘আই’ ইউনিটের জন্য ৫০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত এই ফি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মেধা যাচাই এর একটি সুনির্দিষ্ট মানদণ্ড থাকা জরুরী। বিশ্ববিদ্যালয়ে শিফট ভিত্তিক ভর্তি পরীক্ষা নিলে, যে অন্যায় এবং অবিচার হয় তার ফলাফল আমরা পূর্বেই দেখেছি। কোনো শিফটে অধিক শিক্ষার্থীর সুযোগ পাওয়া এবং কোনো শিফটে তা কম পাওয়া প্রমাণ করে শিফটভত্তিক প্রশ্নপত্রে সমতা নির্ণয় সম্ভব নয়।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক নকিব আল মাহমুদ অর্নব বলেন, আমরা লক্ষ্য করছি, বর্তমান প্রশাসন পূর্বের নুরুল আলমের প্রশাসন থেকে আরো ৫টি ইউনিটের পরীক্ষা বাড়িয়েছে। পরীক্ষার আবেদন ফি তো কমেইনি বরং ইউনিট বেড়ে যাওয়ায় একজন শিক্ষার্থীর এখন পূর্বের থেকে বেশি অর্থ খরচ করতে হবে। আমরা প্রশাসনকে স্পষ্ট ভাবে বলতে চাই, এ দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটকে তারা যেন ভুলে না যান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার নেতৃবৃন্দ আরও বলেন, ভর্তি পরীক্ষার নামে ভর্তি বাণিজ্য বন্ধ করে মেধার যাচাইকে সহজ করে তুলে শিফট ভিত্তিক পরীক্ষা বাতিল এবং আবেদন ফি কমিয়ে এনে ইউনিট সংখ্যাকে ন্যূনতম করার জন্য প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানাই। অন্যথায় শিক্ষার্থীদের গণদাবিকে উপেক্ষা করে প্রহসনমূলক এ ভর্তি বিজ্ঞপ্তি সংস্কার না করলে শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোর কর্মসূচি গ্রহণ করতে আমরা বাধ্য হব।


জোবায়ের হোসেন জাকির
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়