অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের রোবিল এলাকায় অবস্থিত ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে স্থাপিত মহাত্মা গান্ধীর একটি ব্রোঞ্জ ভাস্কর্য চুরির ঘটনা ঘটেছে। ৪২৬ কেজি ওজনের এই ভাস্কর্যটি ভারতের নয়াদিল্লিভিত্তিক ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের উপহার হিসেবে সেখানে স্থাপন করা হয়েছিল।
স্থানীয় সংবাদমাধ্যম অস্ট্রেলিয়া টুডে জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটের দিকে চুরির ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে, চোরেরা অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করে ভাস্কর্যটির পায়ের অংশ কেটে সেটি সরিয়ে নেয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ভাস্কর্যটির কাটা পায়ের অংশ ঘটনাস্থলেই পড়ে রয়েছে এবং শুধু পায়ের তালু দুটি অবশিষ্ট আছে। তবে এখন পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পাশাপাশি আশপাশের ব্রোঞ্জ ব্যবসায়ীদের সতর্ক করে জানানো হয়েছে, কেউ যদি ব্রোঞ্জ বিক্রির জন্য নিয়ে আসে, তাহলে তাৎক্ষণিকভাবে যেন পুলিশকে অবহিত করা হয়।
ইন্ডিয়ান কমিউনিটি চ্যারিটেবল ট্রাস্টের কমিটি সদস্য সান্তোস কুমার জানিয়েছেন, ভবনের আংশিক সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়েছে। পরদিন বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।
উল্লেখ্য, ভাস্কর্যটি ২০২১ সালে স্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী স্কট মরিসন উপস্থিত ছিলেন। তবে উদ্বোধনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ভাস্কর্যটিতে ভাঙচুরের ঘটনা ঘটেছিল বলে জানা যায়।
পুলিশ জানিয়েছে, ভাস্কর্য চুরির এই ঘটনার তদন্ত এখনো চলমান রয়েছে।
পাবলিকিয়ান টুডে/ এন| মূলসূত্র: আমার দেশ







