দ্যা ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি) এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল। ৪ মার্চ (বুধবার) ঢাকার আর্মি গলফ ক্লাবে এই মাহফিলের আয়োজন করা হয়। বিকেল ৪টা ৩০মিনিটে শুরু হওয়া এ অনুষ্ঠানে দেশের বস্ত্র ও শিল্পখাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রকৌশলী ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে আইইবি’র সভাপতি ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম (রেজু) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম উপস্থিত ছিলেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন, আইইবি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ (সেলিম), অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুস সোবহান সিআইপি এবং মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলী। অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন আইটিইটি’র আহ্বায়ক প্রকৌশলী এহসানুল করিম কায়সার। সঞ্চালনার দায়িত্বে ছিলেন আইটিইটি’র অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. এনায়েত হোসেন ও আইইবি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সদস্য প্রকৌশলী মো. মইদুল ইসলাম (মঈদ)।
এছাড়া ইফতার মাহফিল কমিটির সমন্বয়ক হিসেবে ছিলেন প্রকৌশলী মো. সাইদুর রহমান, আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ আসিফুল আলম আসিফ এবং সদস্য সচিব প্রকৌশলী মো. মইদুল ইসলাম (মঈদ)।

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ইফতারের আগে সময়টা দোয়া কবুলের মুহূর্ত, আমরা এই সময়টা দোয়ার মাধ্যমেই কাজে লাগাতে চাই, যেন সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে দেশকে অর্থনৈতিক, সামাজিক ও জ্ঞানভিত্তিক উন্নয়নের পথে এগিয়ে নিতে পারি। সবার দোয়া কামনা করছি।
মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলী বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার সময় থেকে কর্মজীবনের নানা পর্যায়ে সিনিয়রদের দিকনির্দেশনা ও সহায়তা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। সাম্প্রতিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে যারা নিষ্ঠার সাথে কাজ করেছেন, তাদের প্রতিও গভীর কৃতজ্ঞতা। নতুন বাংলাদেশ গড়ার যাত্রায় আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।
আইইবি’র সভাপতি ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম (রেজু) বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়াররা এদেশে এখনও প্রাপ্য মর্যাদা ও উপযুক্ত কর্মপরিবেশ থেকে বঞ্চিত। তাঁরা দেশকে দিতে চাইলেও যথাযথ মূল্যায়ন পায় না। আজকের প্রধান অতিথি যেহেতু এই সেক্টরেরই মানুষ এবং এখন দায়িত্বে আছেন, তাই আমরা আশা করি এই সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। আমরা আইইবি’র পক্ষ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের পাশে থাকব এবং মন্ত্রী মহোদয় যদি সেক্টরের উন্নয়নে কোনো সহযোগিতা চান, আমরা সর্বাত্মক সহায়তা করব। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা।

আইটিইটি’র অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. এনায়েত হোসেন বলেন, বিগত কয়েক বছর আমরা কঠিন সময় পার করেছি। গুম হওয়া পরিবারের সদস্যদের অধিকার আদায়ের লড়াইয়ে রাজপথে থাকলেও আজ আইটিইটি’র এই আয়োজনে এসে মনে হচ্ছে নিজের পরিবারে ফিরে এসেছি। আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধন সবসময় অটুট থাকুক। টেক্সটাইল ইঞ্জিনিয়াররা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি এবং আমাদের ঐক্যই আমাদের শক্তি। আমরা সকলে মিলে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আমরা সবাই একসাথে কাজ করব।
আইইবি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. সাইদুর রহমান বলেন, পবিত্র এই মাস মাগফেরাত ও দোয়া কবুলের মাস। দেশের নেতৃত্বের প্রতি শুভকামনা জানাই এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করি। স্বাধীনতার মহান নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জানাই এবং প্রয়াত টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের আত্মার মাগফেরাত কামনা করি।
বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আজকের ইফতার মাহফিলের মূল উদ্দেশ্য ছিল আমাদের ভ্রাতৃত্ব ও ঐক্য আরও দৃঢ় করা। আমরা বিভিন্ন সেক্টরে ছড়িয়ে থাকলেও পারস্পরিক সংযোগ ও সহযোগিতা আরো শক্তিশালী হওয়া প্রয়োজন। সিনিয়রদের দিকনির্দেশনা আমাদের পেশাগত জীবনে মূল্যবান এবং দূর-দূরান্ত থেকে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ। আইটিইটি যেন ভবিষ্যতে আরো শক্তিশালী হয়ে আমাদের অধিকার রক্ষায় কাজ করতে পারে—এই দোয়া করি।
অনুষ্ঠানের সভাপতি আইটিইটি’র আহ্বায়ক প্রকৌশলী এহসানুল করিম কায়সার তার সমাপনী বক্তব্যে, রাজধানীর দীর্ঘ যানজট পাড়ি দিয়ে ইফতারে অংশগ্রহণ করায় উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।







