ভোটের দিন দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়া কেমন থাকবে—এ বিষয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে এবং কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে অঞ্চলভেদে তাপমাত্রার পার্থক্য দেখা যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মাসের শুরু থেকেই দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। এখন পর্যন্ত কোনো শৈত্যপ্রবাহ হয়নি এবং আগামী কয়েক দিনেও তেমন সম্ভাবনা নেই।
ভোটের দিন ঢাকা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। রাজধানীতে কুয়াশার সম্ভাবনা নেই, তবে বিভাগের নদী অববাহিকা এলাকায় সকালে হালকা কুয়াশা দেখা দিতে পারে, যা স্থায়ী হবে না। দিনের বেলায় রোদ থাকবে এবং অনুভূত তাপমাত্রা প্রায় ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের উত্তরাংশে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় বৃষ্টির আশঙ্কা নেই। রংপুর বিভাগের পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ১৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। সকালে কুয়াশা থাকলেও পরে তা কেটে যাবে।
ময়মনসিংহ বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২০ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। নদী অববাহিকা এলাকায় সকালে কুয়াশার সম্ভাবনা রয়েছে।
উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগে শীতের প্রভাব তুলনামূলক বেশি থাকতে পারে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২২ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকবে। এ বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে যাবে।
বরিশাল বিভাগ ও খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
পাবলিকিয়ান টুডে/ এ| মূলসূত্র: কালবেলা







