বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রাখা, আপত্তিকর ছবি তৈরির চেষ্টা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারের একদিন পরই জামিন পেয়েছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ আপসের শর্তে তার জামিন মঞ্জুর করেন। আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে নিজের ভুল স্বীকার করেন নোবেল। তবে একই সঙ্গে দেওয়া এক মন্তব্য নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।
নোবেল বলেন, ‘আমার দর্শক-শ্রোতারা আমাকে ভালো করে বোঝে, আমি হালকা পাগলা পাগলা আছি। তারা আমাকে ক্ষমা করে দেবে। মানুষ মাত্রই ভুল। আমারও ভুল হয়েছে। আবারও হইতে পারে।’
মামলার অভিযোগ অনুযায়ী, আনাননিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে বিয়ের আশ্বাসে সম্পর্ক গড়ে তুলে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করা হয়। পাশাপাশি আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগও আনা হয়েছে।
ভুক্তভোগী নারী গত বছরের ১৩ আগস্ট আদালতে মামলা দায়ের করলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষে চলতি বছরের ৭ জানুয়ারি উপপরিদর্শক নুরুজ্জামান অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।
এরপর গত ২ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ মামলায় নোবেলের পাশাপাশি তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানাকেও আসামি করা হয়েছে।
পাবলিকিয়ান টুডে / এন। সূত্র:এনপিবি







