ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে চার সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, দুর্ঘটনায় একটি কেসি-১৩৫ ধরনের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে এবং এতে থাকা চারজন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে এবং তা এখনও চলমান রয়েছে। প্রাথমিকভাবে কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি ভূপাতিত হওয়ার ঘটনায় শত্রুপক্ষের হামলা বা নিজস্ব বাহিনীর গুলির কোনো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।
মার্কিন নির্মাতা প্রতিষ্ঠানের তৈরি এই ধরনের রিফুয়েলিং ট্যাঙ্কার আকাশে উড়ন্ত অবস্থায় অন্য বিমানকে জ্বালানি সরবরাহ করতে সক্ষম। সামরিক অভিযানে দীর্ঘ সময় আকাশে বিমান পরিচালনা বজায় রাখতে এসব ট্যাঙ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সেন্ট্রাল কমান্ড জানায়, অভিযানে দুটি বিমান অংশ নিয়েছিল। এর মধ্যে একটি বিমান বিধ্বস্ত হলেও অন্যটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।
কর্তৃপক্ষ আরও জানায়, নিহতদের পরিবারের সদস্যদের আগে অবহিত করার সুযোগ দিতে তাদের পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না। সাধারণত এই ধরনের বিমানে একজন পাইলট, একজন সহ-পাইলট এবং একজন বুম অপারেটর দায়িত্ব পালন করেন। বুম অপারেটর আকাশে থাকা অবস্থায় অন্য বিমানে জ্বালানি সরবরাহের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করেন।
প্রাথমিকভাবে জানানো হয়, দুর্ঘটনাটি একটি মিত্র দেশের আকাশসীমায় ঘটেছে। তবে ইরাকের ওই অঞ্চলে ইরানপন্থী মিলিশিয়া সক্রিয় রয়েছে। এদিকে ইরানের সামরিক বাহিনী রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দাবি করেছে, তাদের মিত্র একটি গোষ্ঠী ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানটিকে লক্ষ্যবস্তু করেছিল।
পাবলিকিয়ান টুডে/ এ| মূলসূত্র: যমুনা টিভি







