ইরানে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সত্যিই হামলা ঘটলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের স্থিতিশীলতা বড় বিপর্যয়ের মধ্যে পড়বে।
সম্প্রতি সৌদি আরবের টেলিভিশন চ্যানেল আল আরাবিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন ল্যাভরভ। গতকাল বুধবার সেই সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়েছে। আল আরাবিয়াকে তিনি জানান, “এর পরিণতি ভালো হবে না। গত বছর জুনে আন্তর্জাতিক পরমাণু শক্তি কর্তৃপক্ষ (জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা)-এর নিয়ন্ত্রণাধীন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছিল। যেভাবে হামলা পরিচালনা করা হয়েছিল, তাতে বড় ধরনের পরমাণু দুর্ঘটনার ঝুঁকি ছিল।”
“ইরানে সম্ভাব্য হামলা ইস্যুতে আমি সতর্কভাবে আরব এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সরকারের মনোভাব পর্যবেক্ষণ করেছি। কেউই উত্তেজনা বাড়াতে রাজি নয়। সবাই বুঝতে পারছে যে এটা হলো আগুন নিয়ে খেলা করার শামিল।”
“তাছাড়া উত্তেজনা বৃদ্ধি পেলে সাম্প্রতিক অনেক ইতিবাচক পদক্ষেপ বাতিল হতে পারে। এসবের মধ্যে ইরান এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে, বিশেষ করে সৌদি আরবের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়েছে— তা ও ক্ষতিগ্রস্ত হতে পারে।”
পাবলিকিয়ান টুডে/ এমকে| মূলসূত্র: আল জাজিরা







