‘ঊর্ধ্বতন নির্দেশে’ উল্লেখ করে সাইবার অ্যাক্টে একজন সম্মানিত মহিলাকে গ্রেপ্তার করার ঘটনা অতীতের ফ্যাসিবাদী শাসনের কথাই স্মরণ করিয়ে দেয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল।
ভোলা পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে গত ৫ এপ্রিল রাত ১১টার দিকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি ৬ এপ্রিল এক বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে তিনি বলেন, বিবি সাওদাকে গ্রেপ্তারের কারণ জানতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী ‘ঊর্ধ্বতন নির্দেশে’ গ্রেপ্তারের কথা জানিয়েছে। এ ধরনের গ্রেপ্তারকে তিনি অমানবিক ও অনভিপ্রেত উল্লেখ করে বলেন, বিনা কারণে গভীর রাতে একজন সম্মানিত নারীকে গ্রেপ্তার করায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।
তিনি আরও বলেন, বিবি সাওদার তিন বছরের একটি বাকপ্রতিবন্ধী সন্তান রয়েছে, যে মায়ের স্নেহ ও পরিচর্যা ছাড়া স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না। এমন পরিস্থিতিতে তাকে গ্রেপ্তার করা মানবতা ও ন্যূনতম নৈতিকতার পরিপন্থী।
অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল বলেন, এ ধরনের কর্মকাণ্ড আইনশৃঙ্খলা বাহিনীর অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ। ২০২৬ সালের নির্বাচন-পরবর্তী সরকারের কাছে দেশবাসী এমন আচরণ প্রত্যাশা করে না। বিগত আন্দোলনের পর জনগণ যে গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করেছিল, এই ঘটনা তার সম্পূর্ণ বিপরীত।
তিনি অবিলম্বে বিবি সাওদার নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং দেশে একটি মানবিক ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সূত্র: বিবৃতি (লিংক)







