দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে শিগগির এক লাখ কর্মী নিয়োগ দেওয়ার কথা বলেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।
আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্যখাতকে সবচেয়ে গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ খাতে বাজেট বৃদ্ধিসহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।’
তিনি বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য এসব কর্মীদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধপত্র সরবরাহের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা নিয়মিত কর্মস্থলে থাকেন কি না, তা মনিটরিং করা হবে।’
প্রত্যেক চিকিৎসককে নিজ কার্যালয়ে নিয়মিত রোগী দেখার নির্দেশ দিয়ে এম এ মুহিত বলেন, ‘প্রত্যেক নাগরিককে হাসপাতালগুলোকে নিজের মনে করতে হবে। যেখানে অন্যায় দেখবেন, সেখানে সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করবেন। এ সময় মহাসড়কের পাশে নির্মিত ট্রমা সেন্টারটি দ্রুত চালুর আশ্বাস দেন এম এ মুহিত।’
এর আগে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।
এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও সিভিল সার্জন নুরুল আমিনসহ স্বাস্থ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাবলিকিয়ান টুডে/ আয়নুল|ফেসবুক







