যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট লাখ লাখ নতুন নথি প্রকাশের পর বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত এসব নথিতে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণাপ্রতিষ্ঠান আইসিডিডিআরবির নামও উঠে এসেছে।
প্রকাশিত নথিতে অন্তর্ভুক্ত একটি ই-মেইলে আইসিডিডিআরবিকে বাংলাদেশে একটি ‘অতি সুপরিচিত প্রতিষ্ঠান’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই ই-মেইলে প্রতিষ্ঠানটিতে দীর্ঘমেয়াদি প্রোবায়োটিক গবেষণায় বিনিয়োগের একটি প্রস্তাবের কথাও উঠে আসে।নথি অনুযায়ী, ই-মেইলটির বিষয় ছিল ‘আন্ত্রিক জীবাণুবিদ্যা-আইসিডিডিআরবি’। এটি ২০১৪ সালের ১৭ এপ্রিল কুখ্যাত মার্কিন ধনকুবের জেফরি এপস্টেইনের কাছে তার এক ঘনিষ্ঠ সহযোগীর পক্ষ থেকে পাঠানো হয়েছিল।
ই-মেইলে বলা হয়, বাংলাদেশে আইসিডিডিআরবিকে কেন্দ্র করে একটি সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে গবেষণা উদ্যোগ গড়ে তোলা সম্ভব। এতে তুলনামূলক কম বিনিয়োগে ভবিষ্যতে উৎপাদিত যেকোনো প্রোবায়োটিক বা সংশ্লিষ্ট পণ্যের মুনাফা থেকে ৩ শতাংশ নিশ্চিত লাভ পাওয়ার সুযোগ থাকবে বলে উল্লেখ করা হয়।
এ ছাড়া আইসিডিডিআরবি একটি দাতব্য প্রতিষ্ঠানের মর্যাদা পাওয়ায় যুক্তরাষ্ট্রের ৫০১(সি)(৩) কাঠামোর আওতায় এ ধরনের বিনিয়োগ করছাড়ের সুবিধা পেতে পারে বলেও ওই ই-মেইলে উল্লেখ রয়েছে।
এপস্টেইন ফাইলে থাকা আরেকটি ই-মেইল থেকে জানা যায়, তার এক ঘনিষ্ঠ সহযোগী ২০১০ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ও ভারতে ভ্রমণ করেছিলেন। তবে ওই সফরের নির্দিষ্ট উদ্দেশ্য বা কার্যক্রম সম্পর্কে প্রকাশিত নথিতে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।
এপস্টেইন সংশ্লিষ্ট নথিতে আইসিডিডিআরবির নাম উঠে আসার পর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও জল্পনার সৃষ্টি হয়েছে।
পাবলিকিয়ান টুডে/ এন| মূলসূত্র: ইত্তেফাক
[news_photocard_button text=”ডাউনলোড ফটোকার্ড”]







