শাবিপ্রবি প্রতিনিধিঃ
সারাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ন্যায় সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ও ২০১৮ এর পরিপত্র বহালের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীবৃন্দ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ পালন করেছে।
আন্দোলনের অংশ হিসেবে শনিবার (৬ জুলাই) বিকেল সাড়ে৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।বিকাল শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের রাস্তার দুই পাশ অবরোধ করে আন্দোলন করেছেন তারা। এ সময় সড়কের দুই পাশে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে আটকে পড়েছেন হাজার হাজার যাত্রী।তবে জরুরি পরিবহণ ও আম্বুলেন্স গুলার চলাচলের সুযোগ করে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কেন স্বাধীন বাংলাদেশে মেধাবী শিক্ষার্থীরা কোটা নিয়ে বৈষম্যের স্বীকার হবে? প্রথম এবং দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫৬ শতাংশ যদি কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় মেধাবী শিক্ষার্থীরা কী করবে? শিক্ষার্থীদের পক্ষে এমন অবহেলা এবং বৈষম্য মেনে নেওয়া সম্ভব না। তাই ২০১৮ সালে কোটা নিয়ে যে পরিপত্র জারি করা হয়েছিল তা বহাল রাখতে হবে। যতক্ষণ না ২০১৮ সালের পরিপত্র বহাল থাকছে এবং কোটা ব্যবস্থা বাতিল করে মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন নারী শিক্ষার্থী বলেন মেয়েরা আর পিছিয়ে পড়া বা অনগ্রসর শিক্ষার্থী নয় আমাদের কোন কোটার প্রয়োজন নাই, আমরা সকল ধরনের কোটা বাতিল চাই।
প্রায় ৩ঘন্টা ব্যপি অবরোধ কর্মসূচি পালন করে ক্যাম্পাসে ফিরে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা।
আল আমিন | শাবিপ্রবি।






