বাংলাদেশে প্রথমবারের মতো ক্যাম্পাস পর্যায়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-কে কেন্দ্র করে সৃজনশীল আয়োজন শুরু করতে যাচ্ছে আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাব অব বুটেক্স (আর্টেক্স)। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) এই সংগঠনটি ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে শিল্প ও সংস্কৃতির মাধ্যমে নতুনভাবে উপস্থাপনের উদ্যোগ নিয়েছে।
এই উদ্যোগের লক্ষ্য শুধুমাত্র খেলা দেখা বা সমর্থনের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্বকাপের আবেগকে আর্ট ও ফটোগ্রাফির মাধ্যমে একটি বিস্তৃত সাংস্কৃতিক প্রকাশে রূপ দেওয়া। এর মাধ্যমে তরুণ প্রজন্মের সৃজনশীলতা বিকাশ এবং একটি বৃহৎ সাংস্কৃতিক প্ল্যাটফর্ম তৈরি করাই মূল উদ্দেশ্য।
আগামী ৩০ এপ্রিল বুটেক্সের কলরব প্রাঙ্গণে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হবে, যা আর্টেক্সের ফ্ল্যাগশিপ ইভেন্ট “নীরবতায় কলরব ৭.০”-এর অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে।
এবারের আয়োজনের মূল আকর্ষণ হিসেবে থাকছে জাতীয় পর্যায়ের আর্ট ও ফটোগ্রাফি প্রদর্শনী “একফোরিয়া”। ইতোমধ্যে দেশের ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেছেন। তাদের সৃজনশীল কাজের মাধ্যমে ফুটে উঠছে আবেগ, সংস্কৃতি, জাতীয় পরিচয়, প্রতিদ্বন্দ্বিতা এবং বিশ্বকাপের বৈশ্বিক প্রভাব।
আয়োজকরা জানান, এবারের আয়োজন আগের যেকোনো সময়ের তুলনায় বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে দেশের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ক্লাব পার্টনার ও ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছে, যা এই উদ্যোগকে একটি জাতীয় প্ল্যাটফর্মে রূপ দিয়েছে। এর মাধ্যমে সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল যোগাযোগ ও অংশগ্রহণের নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে।
আর্টেক্সের লিডার সুদীপ্ত বণিক বলেন, ‘নীরবতায় কলরব ৭.০’ কেবল একটি ইভেন্ট নয়; এটি তরুণ প্রজন্মের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে শিল্প ও সংস্কৃতির চর্চাকে এগিয়ে নিতে অনুপ্রাণিত করবে।
এদিকে আয়োজনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে শুরু হয়েছে ওয়াল গ্রাফিতি কার্যক্রম, যা আর্টেক্সের শিল্পীদের হাতে নির্মিত হচ্ছে। এসব গ্রাফিতি ক্যাম্পাসে বিশ্বকাপের আবহ তৈরি করছে এবং দর্শনার্থীদের আকৃষ্ট করছে।
পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক







