বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার উদ্যোগে ক্লাব প্রতিনিধি ও শিক্ষকদের সম্মানে “Iftar with SHINING STARS-2026” (ইফতার উইথ শাইনিং স্টারস-২০২৬) শীর্ষক ব্যতিক্রমী একটি ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ক্লাব প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবগাতুল্লাহ, যিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. একেএম ওয়ারিসুল করিম এবং সংগঠনটির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী।


প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি রেজাউল করিম-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি-এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. জুবায়ের আহমেদ এবং বিশিষ্ট লেখক-সাংবাদিক আলী আহমাদ মাবরুর। এছাড়াও ছিলেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ ইশরাকসহ অন্যান্যরা।

আয়োজকরা জানান, শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং ইতিবাচক নেতৃত্ব বিকাশে উৎসাহ দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পারস্পরিক মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সময় কাটান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, ‘শিবির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাব লিডার্সদের নিয়ে প্রোগ্রাম করেছে, সেটাতে আমরা যতটা অবাক, তার চেয়েও বেশি উচ্ছ্বসিত। আশা করি এধরণের অনুষ্ঠান আরও পাব।’

শিবিরের ব্যতিক্রমী এ অনুষ্ঠানে পুরুষ শিক্ষার্থীদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নারী ও ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষণীয় ছিল।







