বিএনপি ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর পেশাদারিত্ব ও মর্যাদা অক্ষুণ্ন রাখাই বিএনপির অবস্থান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের পরিবার এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, সেনাবাহিনীর গৌরব ফিরিয়ে আনার বিষয়টি শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। গৌরব অর্জন ও তা ধরে রাখার দায়িত্ব সেনাবাহিনীর নিজেদেরই নিতে হবে। একই সঙ্গে তিনি বলেন, সেনাবাহিনী রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে, কিন্তু রাজনীতির সঙ্গে একীভূত হবে না। পেশাদারিত্ব যেন কোনোভাবেই রাজনৈতিক প্রভাবের আড়ালে চাপা না পড়ে, সে বিষয়ে সেনা সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিএনপি চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ড বিএনপি অতীতে করেনি, বর্তমানেও করছে না এবং ভবিষ্যতেও করবে না। তিনি মনে করেন, বিএনপি রাজনৈতিকভাবে শক্ত অবস্থানে থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বও শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে।
পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে ওই দিনটিকে শহীদ সেনা দিবস, সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণার বিষয়ে ভাবা হচ্ছে। তার মতে, সেনাবাহিনীকে মূল দায়িত্বের বাইরে ভিন্ন কাজে যুক্ত করা হলে তাদের পেশাগত সক্ষমতা ব্যাহত হয়।
গত দেড় দশকের প্রেক্ষাপট টেনে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে যদি সেনা সদস্যরা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন রাখেন, তাহলে অনেক অজানা বিষয় স্পষ্ট হবে। তিনি আরও অভিযোগ করেন, ২০০৯ সালের ফেব্রুয়ারিতে সংঘটিত পরিকল্পিত সেনা হত্যাকাণ্ডের দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়নি বা করতে দেওয়া হয়নি। ওই ঘটনার পর মুক্তিযুদ্ধের ঐতিহ্যবাহী বিডিআরের নাম ও ইউনিফর্ম পরিবর্তনের বিষয়টিও তিনি উল্লেখ করেন।
জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন, সেনাবাহিনীর কিছু বিধিমালা সংস্কার এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের বিভিন্ন সুপারিশ প্রসঙ্গে তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটির সুপারিশ পর্যালোচনা করে পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
পাবলিকিয়ান টুডে/ এন







