ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-কে ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর খবরে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, তিনি জীবিত ও ভালো আছেন।
রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এবং মেহর নিউজ এজেন্সি পৃথক প্রতিবেদনে জানিয়েছে, দেশের সর্বোচ্চ নেতা সুস্থ আছেন এবং তাকে নিয়ে প্রচারিত মৃত্যুর খবর সঠিক নয়।
এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, একজন শীর্ষ ইসরাইলি কর্মকর্তার বরাতে দাবি করা হয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন এবং তার লাশ উদ্ধার করা হয়েছে। ওই কর্মকর্তা বলেন, শনিবার (২৮ ফেব্রুয়ারি) পরিচালিত অভিযানে এ ঘটনা ঘটে।
তবে এ দাবির পরপরই ইরানের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি নিউজ-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “ইরানের প্রায় সব কর্মকর্তা জীবিত, সুস্থ ও নিরাপদ স্থানে আছেন।”
খামেনিকে ঘিরে পরস্পরবিরোধী এসব তথ্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে এখনো স্বাধীনভাবে যাচাই করা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
পাবলিকিয়ান টুডে / এন। আমার দেশ







