খুবি প্রতিনিধি,
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমধর্মী মাছ ধরা উৎসব। আজ ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর এই আয়োজনটি করে। এই উৎসবে প্রায় একশত জন শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটি উৎসবে পরিণত হয়।
উৎসব নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো রেজাউল করিম বলেন, আমাদের অনেকগুলো পুকুর আছে এসব জায়গায় শিক্ষার্থী বিক্ষিপ্তভাবে মাছ ধরতো, আমরা চিন্তা করলাম এই মাছ ধরাটা একটা উৎসবে রুপ দেওয়া যায় কিনা। এনিয়ে আমি শিক্ষকদের সাথে কথা বললাম তারপর তো এই আয়োজন। আমি আশা করবো সামনে বছর থেকে দুই তিনবার উৎসবটি হবে। তোমরা শিক্ষার্থীরা যদি চাও এবং বিক্ষিপ্তভাবে মাছ না ধরো তাহলে এমন আয়োজন করা সম্ভব।
তিনি আরো বলেন, এই মাছ ধরাকে উৎসবে রুপ দিতে আমরা পুরস্কারের ব্যবস্থা করেছি। যে সব থেকে বড় মাছ ধরে প্রথম হলে তার জন্য পাঁচ হাজার টাকা, দ্বিতীয় হলে তিন হাজার এবং তৃতীয় হলে দুই হাজার টাকা পুরষ্কার দেবো এছাড়া যারা মাছ ধরছে সবার জন দুপরের খাবারের ব্যবস্থা করা হয়েছে।
সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী মো. অর্নব বলেন এটা একটি সুন্দর আয়োজন। প্রসাশনের এমন আয়োজন প্রশংসার দাবি রাখে, আশা করি এমন আয়োজন, উৎসব প্রতি বছর হবে এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী ইব্রাহিম খলিল বলেন, আমরা সত্যি একটি উৎসবের মত উপভোগ করছি। প্রসাশন কথা দিয়েছিলো আমাদের জন্য এমন আয়োজন করবে, তারা কথা রেখেছে। সামনে আরো বড় করে সবগুলো পুকুরে আয়োজন করবে বলে আশা করি।
মাছ ধরার উৎসবটি সকাল ৯.৩০ থেকে শুরু হয়ে বিকাল ৪.৩০ এ শেষ হয়। এরপর, বড় মাছ ধরেছে এমন তিনজনকে পাঁচ হাজার, তিন হাজার এবং দুই হাজার টাকা পুরষ্কার দেওয়া হয়।







