খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ের থিসিস প্রজেক্টসমূহ নিয়ে আয়োজিত হচ্ছে বহুল প্রতীক্ষিত প্রদর্শনী ‘আর্ককেইউ ডিগ্রি শো ২০২৬’। আগামী ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিন প্রাঙ্গণে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রদর্শনীর সূচনা হবে।
দুই দিনব্যাপী এই থিসিস ডিজাইন প্রদর্শনী চলবে ৫ ও ৬ ফেব্রুয়ারি, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত, যেখানে শিক্ষার্থী, পেশাজীবী স্থপতি, গবেষক, শিক্ষকসহ আগ্রহী যে কেউ অংশগ্রহণ ও পরিদর্শন করতে পারবেন।
এ প্রদর্শনীতে স্থাপত্য ডিসিপ্লিনের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা তাদের দীর্ঘ গবেষণা ও নকশা-চিন্তার ফসল হিসেবে উপস্থাপন করবেন বিভিন্ন থিসিস প্রজেক্ট। নগর উন্নয়ন, আবাসন, জলবায়ু পরিবর্তন, টেকসই স্থাপত্য, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটভিত্তিক নকশাসহ বহুমাত্রিক বিষয় এতে স্থান পাবে।
স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষকরা বলেছেন,
“আর্ককেইউ ডিগ্রি শো শুধুমাত্র একটি প্রদর্শনী নয়, এটি শিক্ষার্থীদের চিন্তাশক্তি, সৃজনশীলতা ও পেশাগত প্রস্তুতির প্রতিফলন। বাস্তব সমস্যা মোকাবিলায় স্থাপত্য কীভাবে ভূমিকা রাখতে পারে, এই থিসিসগুলো তারই প্রমাণ। এই ডিগ্রি শোর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের কাজ জনসম্মুখে উপস্থাপনের সুযোগ পাচ্ছে, যা ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসাথে দর্শনার্থীরা সমসাময়িক স্থাপত্য ভাবনা সম্পর্কে ধারণা নিতে পারবেন।”
শিক্ষার্থীরাও এই আয়োজন নিয়ে উচ্ছ্বসিত তারা বলছেন বলেন, “দীর্ঘ সময়ের পরিশ্রমের কাজ সবার সামনে তুলে ধরতে পারা আমাদের জন্য বড় প্রাপ্তি। শিক্ষকদের পাশাপাশি পেশাজীবীদের মতামত আমাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা যোগাবে।”
উল্লেখ্য,‘আর্ককেইউ ডিগ্রি শো’ খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের একাডেমিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত, যা প্রতি বছর নতুন প্রজন্মের স্থপতিদের চিন্তা ও সম্ভাবনাকে তুলে ধরে।
পাবলিকিয়ান টুডে/ এমকে|





