খুলনা মহানগরীতে সাত (৭) বছরের এক মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শিপন কুমার দাস (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে খালিশপুর পিপলস গেট সংলগ্ন এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে। গ্রেপ্তার শিপন ঐ বাড়িতে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতো বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বিকেলে প্রাইভেট পড়া শেষে সে বাসায় একা ছিল। শিশুটির মা ঘটনার সময় পাশের একটি বাড়িতে কাজ করছিলেন। এই সুযোগে শিপন খাবার কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। বিষয়টি কাউকে না বলার জন্য অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ভয়ভীতি দেখান। শিশুটি ফিরে এসে মাকে সব বলে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করার পর গতকাল রাতেই শিপনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি আরও জানান, ভিকটিমের মা গৃহপরিচারিকার কাজ করেন। পক্ষান্তরে শিপন রেজাউল করিমের বাড়ির কেয়ারটেকার। বিষয়টি প্রথমে চাপা থাকলে পরবর্তীতে জানাজানি হয়। এ ঘটনায় ভিকটিমের মা খালিশপুর থানায় মামলা দায়ের করেছে। শিপনকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়।







