শহীদ ফরহাদ হোসেন হলের আবাসিক শিক্ষার্থীদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড ও জিএস-এর মেসেজে ‘হাহা’ রিয়েক্ট দেওয়ার অভিযোগে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হল সংসদ। অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার (০৪-০২-২০২৬) রাতে শহীদ ফরহাদ হোসেন হল সংসদের দপ্তর সম্পাদক মুহাম্মদ হারুনুর রশীদ স্বাক্ষরিত এক বিশেষ নোটিশে এই নির্দেশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, হলের আবাসিক শিক্ষার্থীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও অ্যানাউন্সমেন্ট চ্যানেলে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের দেওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ নোটিশ ও মেসেজে ‘সামির হাসান’ নামের একটি আইডি থেকে ধারাবাহিকভাবে ধৃষ্টতাপূর্ণ ‘রিঅ্যাক্ট’ (haha React) দেওয়া হচ্ছে। এছাড়াও ওই আইডি থেকে বিভিন্ন সময়ে শিষ্টাচারবহির্ভূত ও ইঙ্গিতপূর্ণ শব্দচয়ন করে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগও আনা হয়েছে।
খোঁজ নিয়ে দেখা যায়, সামির নামের শিক্ষার্থী বিভিন্ন সময় হল সংসদের নোটিশকে ‘টেলিগ্রাম থেকে আগত’ বলেন এবং টেলিগ্রাম থেকে আগত বলতে কী বোঝায়—এটা উনার কাছে জানতে চাইলে তিনি বলেন, “ফোন দিয়েন, বুঝিয়ে বলবো।”
হল সংসদ জানায়, এ বিষয়ে ওই আইডির বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে। সর্বশেষ আজ হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) কর্তৃক গ্রুপের পরিবেশ ও শৃঙ্খলা সম্পর্কিত একটি বার্তাতেও ওই আইডি থেকে ধৃষ্টতাপূর্ণ রিঅ্যাক্ট বা প্রতিক্রিয়া দেখানো হয়েছে, যা হল সংসদের দৃষ্টিগোচর হয়েছে।
উক্ত আচরণের প্রেক্ষিতে হল সংসদ কঠোর অবস্থান নিয়েছে। নোটিশে অভিযুক্ত নম্বর বা আইডিধারী ব্যক্তিকে রাত ১২টার মধ্যে হলের গ্রুপেই তার এমন আচরণের কারণ সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে হল সংসদ তার বিরুদ্ধে নীতিগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানায়।







