ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া বাজারে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে ইফতার বিতরণের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর সোবহান মাতুব্বর (৪২) নামে এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) রাত ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর নির্দেশনায় এবং জেলা ও শহর যুবলীগের একাধিক নেতাদের প্রচেষ্টায় ইফতার বিতরণ ও কারাবন্দি নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।
তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিবুজ্জামান লস্কর দাবি করেছেন, ইফতার বিতরণ করার কারণে নয়, বরং স্লোগান দেওয়ার অপরাধে সোবহানকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে পুলিশ এই দাবি নাকচ করে দিয়ে আইনি প্রক্রিয়ার কথা উল্লেখ করেছে।
নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ জানান, নিষিদ্ধ সংগঠন যুবলীগের ওই কর্মসূচির ভিডিওতে সোবহানকে সক্রিয় অবস্থায় দেখা গেছে। তিনি আরও জানান, সোবহান মূলত পাশের সালথা থানায় দায়ের করা একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি। ওই নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে সালথা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে যুবলীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এই ধরনের প্রকাশ্য কর্মসূচি এবং স্লোগান দেওয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।







