আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিদেশে অবস্থানরত নিবন্ধিত বাংলাদেশি প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশে ব্যালট পাঠানো শুরু করেছেন। এখন পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ৭৬৩ জন প্রবাসী ভোটারের ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ভোটারদের ঠিকানায় মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ১৬ হাজার ৭ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। ইতোমধ্যে ৪ লাখ ৫৪ হাজার ৫৮৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং ভোটদান শেষে ৪ লাখ ৬ হাজার ৫৬৪ জন প্রবাসী ভোটার নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।
প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের জন্যও পোস্টাল ব্যালট কার্যক্রম চালু রয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশের ভেতরে (আইসিপিভি) নিবন্ধনকারী ২ লাখ ৬৯ হাজার ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ৩ হাজার ৭৪৮ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এ সময়ের মধ্যে ২ হাজার ৪২২ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন এবং ১ হাজার ১৪৯ জন ভোটার তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।
সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে দেশে ও বিদেশে মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী ও অভ্যন্তরীণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ পোস্টাল ভোটিং ব্যবস্থার প্রতি আস্থার প্রতিফলন এবং এটি ভোটাধিকার প্রয়োগে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
পাবলিকিয়ান টুডে/ এ| মূলসূত্র: TBS বাংলা







