ঢাকার আশুলিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রী শারমিন জাহান হত্যা মামলায় তার স্বামী ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফাহিম আল হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
গত ১৫ মার্চ রাত আড়াইটার দিকে আশুলিয়ার ইসলামনগর এলাকা থেকে ফাহিমকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই দিন আশুলিয়া থানার এসআই শহিদুজ্জামান তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠান। কিন্তু তদন্ত কর্মকর্তা আদালতে হাজির না হওয়ায় ফাহিমকে কারাগারে পাঠিয়ে আদালত ২৪ মার্চ রিমান্ড শুনানির দিন রাখেন।
এদিন শুনানিকালে ফাহিমকে কারাগার থেকে আদালতে হাজির হন। তদন্ত কর্মকর্তাও আদালতে উপস্থিত হন। ফাহিমের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৫ মার্চ দুপুরে ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগর এলাকার একটি বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের ছাত্র শারমিন জাহানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের চাচা ওই দিনই মনিরুল ইসলাম আশুলিয়া থানায় হত্যা মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ২৪ জুন তারা পরিবারের অগোচরে বিয়ে করার পর থেকে আশুলিয়ার ইসলামনগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকছিলেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল।
এর মধ্যে ১৫ মার্চ বেলা ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে কোনো একসময়ে ফাহিম সহযোগীদের নিয়ে শারমিনের কপালে ও মাথায় কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে নিহতের স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাবলিকিয়ান টুডে/ আয়নুল|ফেসবুক







