বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপির সাবেক এমপির ভাইসহ ৩৫০ জন। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত নাজিম উদ্দিন আহমেদের ভাই রিয়াজ উদ্দিন রাজনসহ বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল থেকে প্রায় ৩৫০ জন নেতা-কর্মী জামায়াতে যোগ দিয়েছেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, আতঙ্ক ছড়ানোর অভিযোগ
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের দলে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে নবাগত নেতা-কর্মীদের ফুলের মালা পরিয়ে স্বাগত জানান জামায়াত ও জোটের নেতারা।

যোগদান অনুষ্ঠান শেষে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ‘শাপলা কলি’ প্রতীকের সমর্থনে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে মিছিলটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটওয়ারী, রামগঞ্জ পৌর জামায়াতের আমির হাসান মাহমুদ বান্নাহসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মাহবুব আলম বলেন, “বিএনপির বহু নেতা-কর্মী ইতোমধ্যে ১১ দলীয় জোটে যুক্ত হচ্ছেন এবং ভোটের দিন আরও অনেকেই শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”
আরও পড়ুন: জামালপুরে বিএনপি ও চরমোনাইয়ের দুই শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
দলীয় সূত্রে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে রামগঞ্জসহ লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় রাজনৈতিক পুনর্বিন্যাসের প্রেক্ষাপটে জামায়াত ও ১১ দলীয় জোটে নতুন করে নেতা-কর্মীদের যোগদান বাড়ছে, যা স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে।







