দলীয় আদর্শ ও নৈতিকতায় উদ্বুদ্ধ হয়ে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিএনপি ও চরমোনাইসহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ) বিভিন্ন রাজনৈতিক দলের দুই শতাধিক নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
আরও পড়ুন: নওগাঁয় জামায়াতের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, অভিযুক্ত লিটন কুমার চৌহানের কারাদণ্ড
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ পৌর শহরের সিমারপাড় এলাকায় উপজেলা জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই যোগদান সম্পন্ন হয়। জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদীর হাতে ফুল গ্রহণের মাধ্যমে তারা দলে অন্তর্ভুক্ত হন।
জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন মেরুচর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা, বগারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, দপ্তর সম্পাদক মুনাহার আলী, বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালামত উল্লাহ, বগারচর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি হামিদুর রহমান এবং মেরুচর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজাবুল ইসলাম।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের বিপুলসংখ্যক কর্মী-সমর্থক একযোগে জামায়াতে ইসলামীতে যোগ দেন। যোগদান অনুষ্ঠান শেষে জামায়াতের পক্ষ থেকে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় যোগদানকারী কয়েকজন নেতা বলেন, “দীর্ঘ চিন্তা-ভাবনার পর আমরা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমাদের মনে হয়েছে, এ দল ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে সঠিক ভূমিকা রাখছে।”
স্থানীয় নেতারা জানান, এ যোগদান বকশীগঞ্জ উপজেলায় ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির প্রতি জনগণের আস্থা ও সমর্থনের প্রতিফলন।
পাবলিকিয়ান টুডে/এফএ । পাবলিকিয়ান টুডে ফেইসবুক
মূলসূত্র: ফেইস দ্য পিপল







