গাজীপুরে শালবনের ভেতর টিকটক ভিডিও বানাতে গিয়ে একদল কিশোর অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে তারা ৯৯৯-নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের বি কে বাড়ি এলাকার বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় শনাক্তের জন্য ডিবি ও পিবিআই সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, টিকটক ভিডিও করতে কয়েকজন কিশোর বনের ভেতরে গেলে তারা তীব্র দুর্গন্ধ পায় তারা। পরে সামনে এগিয়ে গিয়ে মাটিচাপা অবস্থায় মরদেহটি দেখতে পায়। শিয়াল বা অন্য কোনো প্রাণী মাটি খুঁড়ে কিছু অংশ খেয়ে ফেলার সময় মরদেহটিকে টেনে ওপরে নিয়ে আসে। মরদেহটি দেখার পর পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন,জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে মাটিচাপা অবস্থায় এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহটি এখানে পুঁতে রাখা হয়েছিল। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
পাবলিকিয়ান টুডে/ আয়নুল|ফেসবুক







