ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘অটুট বন্ধনে প্রাবিয়ানদের ইফতার’।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাস সংলগ্ন মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার পরামর্শ সভাসদস্য মুজাহিদ মুন্না।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ইয়াসিন আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রেজাউল করিম।
ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য, নৈতিকতা ও ইসলামী আদর্শে শিক্ষার্থীদের গড়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের আদর্শিক ও নৈতিকভাবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে অংশ নেওয়া এক শিক্ষার্থী শোয়েব আল আমিন বলেন, “ছাত্রশিবিরের এমন আয়োজন আমাদের খুবই ভালো লেগেছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন আগে কখনো দেখিনি। আমরা চাই ভবিষ্যতেও এমন আয়োজন হোক। এতে শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও বৃদ্ধি পাবে।”

আরেক শিক্ষার্থী সাজেদুর রহমান বলেন, “এটি একটি দারুণ আয়োজন। পুরো অনুষ্ঠানটি খুব সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। আমরা চাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বন্ধন সবসময় অটুট থাকুক।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে বাড্ডা পূর্ব থানা আমীর শাহাবুর রহমান সৈকত। এ সময় দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
পাবলিকিয়ান টুডে/এফএ ফেইসবুক







