“এই ঈদে হোক নতুন কিছু, নতুন জামা পাক পথশিশু” স্লোগানে ১৫০ শিশুর মাঝে ঈদবস্ত্র বিতরণ
“এই ঈদে হোক নতুন কিছু, নতুন জামা পাক পথশিশু” — এই মানবিক স্লোগানকে সামনে রেখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ঈদ উৎসব সিজন–৮ কর্মসূচির অংশ হিসেবে প্রায় ১৫০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদের নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান।
এ সময় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সদস্যবৃন্দ এবং বর্তমান রোভার সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক তুলে দেন এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
আয়োজকরা জানান, সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের আশা, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে ঈদের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়বে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক







