বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত বাংলাদেশের সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে ভারত সরকারের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা। রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিও উপস্থিত থাকবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুত্বপূর্ণ এ আয়োজনে স্পিকারের অংশগ্রহণ দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন। একই সঙ্গে এটি গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে, যা বাংলাদেশ ও ভারতকে ঐক্যবদ্ধ রেখেছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধে আবদ্ধ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরকে স্বাগত জানায়। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি জনগণের সমর্থনের বিষয়টিও সেখানে তুলে ধরা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকার আগামী মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে।
শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তানসহ মোট ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। দিল্লি সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার অধ্যাপক ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন।
জানা গেছে, নির্বাচনে বিজয়ী বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার এসব দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়। আমন্ত্রিত দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।
পাবলিকিয়ান টুডে/ এ| মূলসূত্র: প্রথম আলো







