মার্কিন আদালতের এক গুরুত্বপূর্ণ রায়ের পর বৈশ্বিক অর্থবাজারে নতুন সমীকরণ তৈরি হয়েছে। গত শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করলে আন্তর্জাতিক বাণিজ্য ও মুদ্রাবাজারে তার তাৎক্ষণিক প্রভাব পড়ে। ডলারের মান কিছুটা কমে যাওয়ার প্রেক্ষাপটে বিশ্ববাজারে সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্বর্ণের দাম তিন সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বার্তাসংস্থা রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫,১৬৩.৬০ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে এপ্রিলে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণের ফিউচার ২ শতাংশ বেড়ে ৫,১৮৪.৯০ ডলারে উঠেছে।
বাজার বিশ্লেষকদের মতে, শুল্ক সংক্রান্ত আদালতের সিদ্ধান্তকে ব্যবসায়ীরা বিশ্ব অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন। যদিও মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে, ডলারের দরপতনের কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি ঝোঁক বেড়েছে। চীনের চন্দ্র নববর্ষের ছুটির কারণে লেনদেন তুলনামূলক কম থাকলেও বাজারে অস্থিরতার প্রভাব স্পষ্ট ছিল।বিশ্লেষকরা আরও বলছেন, আদালতের রায় শুল্ক আরোপের ক্ষমতাকে সীমিত করলেও বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা পুরোপুরি দূর হয়নি।
সিএমই গ্রুপ-এর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, চলতি বছর ফেডারেল রিজার্ভ তিন দফা সুদের হার কমাতে পারে—এমন প্রত্যাশা বিনিয়োগকারীদের স্বর্ণমুখী করেছে।
অন্যদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নমনীয়তার ইঙ্গিত বাজারে সাময়িক স্বস্তি আনলেও স্বর্ণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।
শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুতেও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ৩.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৭.১০ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে প্লাটিনাম ১.২ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ০.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিশ্ববাজারে এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাব দেশের বাজারেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দ্রুত স্থানীয় বাজারে মূল্য সমন্বয় করা হবে।এর আগে ২১ ফেব্রুয়ারি বাজুস দেশে স্বর্ণের দাম বাড়ায়। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২,৫৮,৮২৪ টাকায় এবং প্রতি ভরি রুপা ৬,৭০৭ টাকায় বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক বাজারের বর্তমান প্রবণতা বলছে, সামনে স্বর্ণের দাম নতুন রেকর্ড স্পর্শ করতে পারে।
পাবলিকিয়ান টুডে / এন। সূত্র: ইত্তেফাক







