দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরও ১৯ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমিরণ দেওয়ান। এ ছাড়া নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা বিএনপির সদস্য আলী হায়দার কাঞ্চন ও এম জি শামীম, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আফজল হোসেন, সাবেক সদস্য ওসমান খাঁন, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট মনোয়ার হোসেন রাসেল, সদর ইউনিয়ন বিএনপির সদস্য জাকির হোসেন ও মুলুক হোসেন, কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন অর রশিদকে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা, বিল্লাল হোসেন ও মো. আলম, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, মো. মুসলিম আহমেদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আকতার খন্দকার, থানা বিএনপির সদস্য জাহিদ হাসান রোজেল ও নজরুল ইসলাম পান্না মোল্লাকেও বহিষ্কারের আওতায় আনা হয়েছে।
তালিকায় আরও রয়েছেন কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আ. রাজ্জাক রাজা, কুমিল্লা উত্তর জেলার হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম জহুর এবং পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনিছুর রহমান লিটন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে বহিষ্কৃতদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পাবলিকিয়ান টুডে/ এন| মূলসূত্র: কালের কন্ঠ






