আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালটের বড় একটি অংশ দেশে এসে পৌঁছেছে। নির্বাচন কমিশনের তথ্যমতে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের পাঠানো মোট ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে।
বৃহস্পতিবার প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এসব তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৮ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন ইতোমধ্যে ভোট প্রদান সম্পন্ন করেছেন।
এছাড়া, প্রবাসী ভোটারদের মধ্যে ৪ লাখ ৪৪ হাজার ৯৫২ জন নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগের মাধ্যমে তাদের ব্যালট জমা দিয়েছেন। এর মধ্যে ১ লাখ ৭ হাজার ১৬৮টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা ইতোমধ্যে গ্রহণ করেছেন।
প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের জন্যও পোস্টাল ব্যালট কার্যক্রম জোরদার করেছে নির্বাচন কমিশন। আইসিপিভি ব্যবস্থার আওতায় দেশের ভেতরে এখন পর্যন্ত ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরে ২ লাখ ৬০ হাজার ৪৪৭ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ২ লাখ ১১ হাজার ১২২ জন ভোট দিয়েছেন এবং ১ লাখ ৬৮ হাজার ৫১৯ জন ভোটার পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন। এ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা দেশের ভেতর থেকে ২৭ হাজার ৩৬৭টি ব্যালট হাতে পেয়েছেন।
সালীম আহমাদ খান আরও জানান, চলতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন।
পাবলিকিয়ান টুডে/ এন| মূলসূত্র: আমার দেশ







