নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবু সাদাত মো. সায়েমের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
শুক্রবার বিকেলে আসনটির নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান নূর এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম লিটন কুমার চৌহান। তিনি নওগাঁ শহরের নুনিয়াপাড়া সুইপার কলোনীর বাসিন্দা।

কমিটির সংশ্লিষ্ট সূত্র জানায়, দিবাগত রাত ৪টার দিকে শহরের মুক্তির মোড়ে অবস্থিত জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের সময় লিটন কুমার চৌহানকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আরও পড়ুন: রাজধানীতে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল র্যালি ও সমাবেশ
অভিযুক্তের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও, অভিযোগপত্র পর্যালোচনার পর নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি তার কর্মকাণ্ডকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৭(ঘ) ও ১৫(গ) লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে। পরবর্তীতে সংক্ষিপ্ত বিচার শেষে তাকে দোষী সাব্যস্ত করে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী আবু সাদাত মো. সায়েম বলেন, “জনগণ ১২ ফেব্রুয়ারি এর জবাব দেবে।”

পাবলিকিয়ান টুডে/এফএ মূলসূত্র: প্রার্থীর পোস্ট ও বিডিটুডে ডট নেট







