মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে ময়মনসিংহ বিভাগে প্রতিষ্ঠা করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)।জাতীয় কবির নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশের দুই প্রতিমন্ত্রী — জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং জনাব ইয়াসের খান চৌধুরী।
শনিবার (০৪ এপ্রিল ২০২৬) ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী, এমপি পরিদর্শনে আসেন।
এসময় দুজনই নজরুল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে দেখেন। পরিদর্শনের সময় তাঁদের সঙ্গে ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মাননীয় সংসদ সদস্য এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। এ সময় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সম্মানিত অতিথিবৃন্দকে উষ্ণ অভিনন্দন জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।
এরপর উপাচার্যের অফিস কক্ষসংলগ্ন কনফারেন্স কক্ষে মাননীয় প্রতিমন্ত্রীদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম নিজ হাতে এ ক্রেস্ট প্রদান করেন।
এপর্যায়ে পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান প্রজেক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস, একাডেমিক ও অবকাঠামোগত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।
আলাপকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আহ্বান জানান উপাচার্য।তখন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন দুই প্রতিমন্ত্রী।
এ সময় ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন,
‘আমরা দুইজন গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রীকে এই বিশ্ববিদ্যালয়ে স্বল্প সময়ের জন্য হলেও কিছুটা পরিদর্শনের ব্যবস্থা করতে পেরেছি। তবে ভবিষ্যতে অন্য কোনো অনুষ্ঠানে তাঁদের দুজনকেই অতিথি হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবো, ইনশাল্লাহ।’
এছাড়াও উল্লিখিত ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ.এইচ.এম. কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমানসহ বিভাগীয় প্রধান, দপ্তরপ্রধান, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং ত্রিশাল ও ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক







