নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী জয়নুল উৎসব ২০২৪ শুরু হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের চুরুলিয়া মঞ্চে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘এদেশের সমাজ পরিবর্তনে শিল্পকর্ম অবিস্মরণীয় হয়ে থাকবে। শিল্পকর্মের মাধ্যমে দেশের গুণগত মান উন্নয়ন করা যায়। একটি বক্তব্যের চেয়ে একটি চিত্রকর্ম অনেক সময় ব্যাপক প্রভাব ফেলতে পারে। এর প্রমাণ হিসেবে ২৪এর জুলাই অভ্যুত্থানকেও উল্লেখ করা যেতে পারে। বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের বিভিন্ন দেয়ালে যে গ্রাফিতি তৈরি করা হয়েছিল তা মানুষের মনে দাগ কেটেছিল এবং গণআন্দোলন চরম আকার ধারণ করেছিল।’ চারুকলা বিভাগের শিক্ষার্থীরা নতুন নতুন শিল্পকর্ম সৃষ্টি করে বৈষম্যবিরোধী দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার। স্বাগত বক্তব্য দেন চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান নগরবাসী বর্মণ।
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপাচার্য। চারুকলা বিভাগের শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্মের মধ্য থেকে ড্রইং অ্যান্ড পেইন্টিং, গ্রাফিক ডিজাইন ও প্রিন্ট মেকিং বিভাগে ১৪ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জয়নুল উৎসব চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন চুরুলিয়া মঞ্চে জয়নুল মেলা, শিল্প কথন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের নিচতলায় বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীও চলছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। প্রসঙ্গত, শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মদিন ২৯ ডিসেম্বর।






