ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইসরায়েল থেকে কম গুরুত্বপূর্ণ সরকারি কর্মী ও তাদের পরিবারকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
মার্কিন পররাষ্ট্র দফতর নাগরিকদের সতর্ক করে বলেছে, বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থায় ইসরায়েল ছাড়ার কথা বিবেচনা করতে। একই সঙ্গে নতুন করে ইসরায়েল ভ্রমণ না করার পরামর্শও দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে সাম্প্রতিক আলোচনা ফলাফল ছাড়া শেষ হওয়ার পর এই নির্দেশনা এলো। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফার পরোক্ষ আলোচনার পর দুই পক্ষ ইঙ্গিত দিয়েছে, আগামী সপ্তাহে আবারও বৈঠক হতে পারে।
এর আগে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি দূতাবাস কর্মীদের ইমেইল করে দ্রুত ইসরায়েল ছাড়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই, তবে যারা চলে যেতে চান, তাদের জন্য দেরি না করে তাড়াতাড়ি চলে যাওয়ার পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ।’
মূলত ইরানের সঙ্গে চলমান চরম উত্তেজনা এবং এই অঞ্চলে ক্রমবর্ধমান সামরিক অস্থিরতার প্রেক্ষাপটেই এই আগাম সতর্কবার্তা জারি করা হয়। পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই এই অঞ্চলে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করেছে। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড শুক্রবার ইসরায়েলের উত্তর উপকূলে মোতায়েন করা হয়েছে।
পাবলিকিয়ান টুডে/ আয়নুল|ফেসবুক







