নারায়ণগঞ্জ শহরে ডিউটিরত এক পুলিশ সদস্যের কাছ থেকে সরকারি পিস্তল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দায়িত্ব পালনরত অবস্থায় এক সহকারী উপপরিদর্শক (এএসআই) এই ছিনতাইয়ের শিকার হন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার।
সোমবার সকাল পৌনে ছয়টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়ক-এর নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। ডিউটির সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিম থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন। সে সময় তার সঙ্গে ব্যক্তিগত মোটরসাইকেলও ছিল।
এ সুযোগে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে সরকারি পিস্তল ছিনিয়ে নেয়। ঘটনার সময় তিনি পুলিশের ইউনিফর্ম পরিহিত ছিলেন বলে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, “ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।”
ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালাচ্ছে। জড়িতদের শনাক্ত ও অস্ত্র উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাবলিকিয়ান টুডে / এন। সূত্র: আমার দেশ







