নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুবদলের দুইপক্ষের সংঘর্ষে মাদ্রাসা পড়ুয়া শিশুসহ অন্তত ২ জন গুলিবিদ্ধ হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে বিসিক শিল্পাঞ্চলের পাশে চাঁদনী হাউজিং এলাকায় এ সংঘর্ষ শুরু হয়ে চলে প্রায় এক ঘন্টা ধরে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় যুবদলের দু’টি পক্ষ এ সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ২জন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি, যুবক গ্রেপ্তার
পড়ুন: ফ্যামিলি কার্ডের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, পলাতক কৃষকদল নেতা
আহতরা হলেন- বিএনপির কর্মী রফিক (৪০), রাকিব (২৩) ও স্থানীয় বাসিন্দা আসমাউল হোসেনের ছেলে ইমরান হোসেন (১৩)। এদের মধ্যে রাকিব ও ইমরান গুলিবিদ্ধ। ইমরানকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।
দুপুর আড়াইটার দিকে শিশুটির বড় বোন ইশা মনি মুঠোফোনে বলেন, “বাড়ির পাশে মাদ্রাসা থেকে ফেরার পথে ইমরানের পেটের বা পাশে গুলি লাগে। তাকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। ডাক্তার বলছে, তার অপারেশনের জন্য অন্তত ৮ ব্যাগ রক্ত প্রয়োজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এনায়েতনগর ইউনিয়নের হরিহরপাড়ার চাঁদনী হাউজিং এলাকার বেস্ট স্টাইল কম্পোজিট লিমিটেডের ঝুট নামাতেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির অনুসারীরা। এ নিয়ে ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান ও তার অনুসারীদের সঙ্গে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় উভয়পক্ষ আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। খবর পেয়ে সকাল সাড়ে দশটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
মাসুদুর রহমানের পক্ষের বিএনপি নেতা মো. হোসেন খোকা সাংবাদিকদের জানান, মশিউর রহমান রনির অনুসারী এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব খাইরুল আলম জসিম ও যুবদল কর্মী অভিসহ লোকজন কারখানার সামনে অবস্থান নিয়ে রাখে। অপর যুবদল নেতা মাসুদুর রহমানের নেতৃত্বে তার অনুসারীরা সেখানে পৌঁছালে হামলা চালানো হয়। তার ছেলে তাকে বাচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়।
আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার
এই বিষয় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির মুঠোফোনে বলেন, “কারখানাটি থেকে আজ ঝুট নামার কথা ছিল। কারখানাটি থেকে যারা বৈধভাবে ঝুট নামাচ্ছিলেন, তাদের উপর হামলা চালানো হয়। তবে ঘটনাটি কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয়, পুরোটা ব্যবসায়িক। আর এতে আমি কোনোভাবে জড়িত নই।
অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান বলেন, “কোন পক্ষ গুলি চালিয়েছে তা এখনও নিশ্চিত হতে পারিনি। তবে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







