জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের বক্তব্য ও আচরণে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সবার দোয়া, ভালোবাসা ও পরামর্শই তাঁর পথচলার প্রধান শক্তি।
বুধবার (১৮ মার্চ) সকালে ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পাটওয়ারী উল্লেখ করেন, সাম্প্রতিক কয়েক দিনে তিনি বয়োজ্যেষ্ঠ সহকর্মী, রাজনৈতিক শুভানুধ্যায়ী, মন্ত্রী-এমপি এবং সহযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়েছেন। এসব আলোচনায় তিনি ব্যক্তিগত আক্রমণ পরিহার, অপ্রয়োজনীয় বক্তব্য থেকে বিরত থাকা এবং গঠনমূলক সংলাপে মনোযোগ দেওয়ার পরামর্শ পেয়েছেন।
তিনি বলেন, এসব পরামর্শ তিনি বিনয়ের সঙ্গে গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে আরও সংযত ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতিতে নিজের সামর্থ্য অনুযায়ী অবদান রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এনসিপির এই নেতা আরও জানান, ধানমণ্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইল আদায়ের মাধ্যমে তিনি এক ধরনের আত্মিক পথচলার সূচনা করেছেন। তিনি সবার জন্য ক্ষমা ও সঠিক পথনির্দেশনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।
পাবলিকিয়ান টুডে/ এ| মূলসূত্র: স্টার নিউজ







