সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের গণভোটকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়ানোর অভিযোগ উঠেছে। ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করার উদ্দেশ্যে একটি মহল বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ পরিস্থিতিতে গুজবে কান না দিয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ইসির সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে (শেরপুর-৩ ব্যতীত) একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটারদের নিরাপদে ভোটদান নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তৎপর রয়েছে বলেও জানানো হয়।
নির্বাচন কমিশন ভোটারদের উদ্দেশে অনুরোধ জানিয়ে বলেছে, কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে।
উল্লেখ্য, বৃহস্পতিবার নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষে পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে।
পাবলিকিয়ান টুডে/ এ| মূলসূত্র: কালবেলা







