সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের শাপলা প্রতীকের প্রার্থী নাহিদ ইসলাম।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, স্বাধীনতার পর গত ৫৫ বছরে দেশে যে রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা গড়ে উঠেছে, তার মূলে ছিল বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধেই ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়, যার লক্ষ্য ছিল পুরোনো বন্দোবস্ত ভেঙে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, পুরোনো ব্যবস্থার সুবিধাভোগী গোষ্ঠী আবারও দুর্নীতিগ্রস্ত ও বৈষম্যমূলক কাঠামো ফিরিয়ে আনতে পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনী মাঠে নেমেছে। এ পরিস্থিতিতে এনসিপির লক্ষ্য ঘুষ, দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের সংস্কৃতি বন্ধ করে অর্থনৈতিক বৈষম্য দূর করা এবং রাষ্ট্রের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া।
ভাষণে পররাষ্ট্রনীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, নতজানু অবস্থান পরিহার করে স্বাধীন, ভারসাম্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ কূটনীতি গ্রহণ করা হবে। প্রতিবেশী রাষ্ট্রসহ সব দেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ার অঙ্গীকারও করেন তিনি।
এছাড়া বিচার বিভাগ সংস্কার, শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ, সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা, নারীর সমঅধিকার নিশ্চিতকরণ, স্বাস্থ্য ও শিক্ষাখাতে দুর্নীতি বন্ধ এবং কর্মসংস্থান সৃষ্টি— এসব বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন এনসিপির আহ্বায়ক।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃত্রিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেট ভাঙা এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি ছিল ভাষণের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে জননিরাপত্তাভিত্তিক গণসংস্থায় রূপান্তরের পরিকল্পনার কথাও তুলে ধরেন নাহিদ ইসলাম।
পাবলিকিয়ান টুডে/ এ| মূলসূত্র: এখন টিভি







