নোয়াখালীর সেনবাগে (নোয়াখালী-২, সেনবাগ-সোনাইমুড়ী) ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং আন্তর্জাতিক সেলের প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়ার নির্বাচনী কেন্দ্রের প্রধান এজেন্টকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনী গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে সেনবাগ উপজেলার ৩ নম্বর ডুমুরিয়া ইউনিয়নের ২ নম্বর মতইন ওয়ার্ডে এ হামলা ঘটে। দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে কেন্দ্রের প্রধান এজেন্ট মো. মনির হোসেনকে।
আহত মো. মনির হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মতইন গ্রামের আবদুর রবের ছেলে বলে জানা গেছে।

ঘটনার প্রতিক্রিয়ায় এনসিপি প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া বলেন, “ইতোমধ্যে আমাদের কয়েকশ ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। কয়েকদিন আগে সাহাপুরে আমাদের এক প্রতিনিধির ওপর হামলা চালানো হয়। আজ আবার একজনকে হত্যার চেষ্টা করা হলো। এখানে সন্ত্রাসের একটি রাজত্ব কায়েমের চেষ্টা চলছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
এ বিষয়ে এনসিপির নোয়াখালী জেলা সদস্য সচিব কাজী মাইন উদ্দিন তানভীর বলেন, “এনসিপি মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়ার নিজ কেন্দ্রের প্রধান এজেন্টকে কুপিয়ে আহত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে নির্বাচনী পরিবেশ নিয়ে ভোটারদের মধ্যে বড় ধরনের শঙ্কা তৈরি হবে।”
তিনি আরও বলেন, “দ্রুত দোষীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা না করলে নির্বাচনী পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।”
ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।







