বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান নতুন সরকারের দাপ্তরিক কার্যক্রম ও উন্নয়নসংক্রান্ত তথ্য দ্রুত ও স্বচ্ছভাবে জনগণের কাছে পৌঁছে দিতে একটি অফিসিয়াল ফেসবুক পেজ চালু করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সরকারের প্রথম কার্যদিবসেই আনুষ্ঠানিকভাবে ডিজিটাল এই প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। পেজটির নাম দেওয়া হয়েছে ‘PMO Bangladesh–প্রধানমন্ত্রীর কার্যালয়’।
সরকারি নীতিনির্ধারণী সিদ্ধান্ত, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, গুরুত্বপূর্ণ ঘোষণা এবং প্রধানমন্ত্রীর অংশগ্রহণে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির তথ্য এ প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি জানানো হবে। উদ্বোধনের দিনেই প্রায় ৩ লাখ ৭০ হাজার অনুসারী যুক্ত হন। বর্তমানে অনুসারীর সংখ্যা বেড়ে ৩ লাখ ৮১ হাজার ছাড়িয়েছে, যা জনসাধারণের আগ্রহের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
পেজটির ভিজ্যুয়াল উপস্থাপনাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রোফাইল ছবিতে রয়েছে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি এবং কভার ছবিতে জাতীয় পতাকা, সরকারি লোগো ও জনসমাবেশে তাঁর উপস্থিতির দৃশ্য স্থান পেয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি সরকারের জনসম্পৃক্ততা ও সরাসরি যোগাযোগের প্রতীক।
ডিজিটাল মাধ্যমে তথ্যপ্রবাহ আরও গতিশীল ও স্বচ্ছ করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দাপ্তরিক তথ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হতো। তবে এখন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় সরাসরি সরকারি সিদ্ধান্ত ও কার্যক্রম নিয়মিতভাবে এই পেজে প্রকাশ করবে।
পেজ চালুর পর থেকেই বিভিন্ন প্রজ্ঞাপন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং প্রধানমন্ত্রীর দৈনন্দিন রাষ্ট্রীয় কর্মসূচির আপডেট প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি নাগরিকরা মন্তব্য, প্রশ্ন ও প্রতিক্রিয়ার মাধ্যমে সরাসরি মতামত জানানোর সুযোগ পাচ্ছেন।
পাবলিকিয়ান টুডে/ এ| মূলসূত্র: কালবেলা







