সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা এলাকায় হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তিনি উপজেলার বিভিন্ন ফসলরক্ষা বাঁধ ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, ‘ফসল উৎপাদন বৃদ্ধির জন্য এই ফসলরক্ষা বাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ডুবন্ত বাঁধগুলো প্রতিবছর মেরামতের ফলে এই অঞ্চলে উৎপাদিত শস্য অনেক বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এই অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য হাওরাঞ্চলকে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচিত সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী সবসময় এই অঞ্চলের খোঁজখবর রাখছেন। আমরা দায়িত্ব নিয়েই মানুষের পাশে দাঁড়িয়েছি—এটি আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি। প্রতি বছর যেন এই কাজগুলো সুন্দরভাবে হয় এবং সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত থাকে, সে দিকে সবচেয়ে বেশি নজর রয়েছে। অতীতে বাঁধ নির্মাণে অনেক দুর্নীতি ছড়িয়ে পড়েছিল, ভবিষ্যতে যেন আর তা না হয়—সেজন্য আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।’
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাড. আব্দুল হক এবং পানি উন্নয়ন বোর্ড-এর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। এ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
পাবলিকিয়ান টুডে/ আয়নুল|ফেসবুক







