বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বগুড়া বিএনপির ঘাঁটি এবং এই ঘাঁটির দায়িত্ব তিনি স্থানীয় নেতাদের হাতে সঁপে দিয়ে যাচ্ছেন।
নিজ নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘বগুড়া বিএনপির ঘাঁটি, এই ঘাঁটির দায়িত্ব আপনাদের সঁপে দিলাম, এই ঘাঁটিকে দেখে রাখবেন, এই ঘাঁটির জনগণকে দেখে রাখবেন। এই ঘাঁটির দায়িত্ব আপনাদের দিয়ে গেলাম।’
শনিবার বেলা ১১টায় বগুড়ার চার তারকা হোটেল নাজ গার্ডেনের বলরুমে বগুড়া-৬ (সদর) আসনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকাল সাড়ে ১০টায় সভা শুরু হয়। শুরুতেই স্থানীয় নেতাদের বক্তব্য শোনেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।পরে বক্তব্য দিতে গিয়ে আসন্ন জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে কোনো কোনো বক্তা বলেছেন, ভোটারের কাছে না গেলেও এখানে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বসে থাকলে চলবে না, সবার কাছেই যেতে হবে। বগুড়ার সাতটি আসনে বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করতে হবে।’
তিনি বলেন, অতীতে নানা সময়ে তিনি বগুড়ার নেতাকর্মীদের কাছে এসেছেন। তবে এবার পরিস্থিতি ভিন্ন। নিজেকে বগুড়া-৬ আসনের প্রার্থী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘এবার বগুড়া-৬ আসনে প্রার্থী হয়ে এসেছি। তবে আমার নির্বাচন করার দায়িত্ব আপনাদের। কারণ, সারাদেশে নির্বাচনী প্রচারণায় আমাকে যেতে হচ্ছে।’
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম (বাদশা)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী ও খায়রুল বাশার।
সভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এবং আলী আজগর তালুকদার, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খানসহ অন্যান্য নেতারা।
পাবলিকিয়ান টুডে/ এন। মূলসূত্র: আমাদের সময়







