ববি প্রতিনিধি
ছাত্র রাজনীতির সাম্প্রতিক পটপরিবর্তনের পর ভিন্ন কৌশলে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে ফেরার চেষ্টা করছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ–এর নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ে ‘ছাত্র অধিকার পরিষদ’ নাম ব্যবহার করে একটি গোপন মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। সম্প্রতি ওই গ্রুপের ৩৬টি স্ক্রিনশট প্রতিবেদকের হাতে এসেছে।
অনুসন্ধানে দেখা যায়, ‘ছাত্র অধিকার পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয়’ নামে পরিচালিত মেসেঞ্জার গ্রুপটিতে থাকা ১৫ জন সদস্যের মধ্যে অন্তত ৮ জন সরাসরি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
গ্রুপটিতে সাংগঠনিক ও রাজনৈতিক দিকনির্দেশনা দিতে দেখা গেছে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম–এর অনুসারী হিসেবে পরিচিত ছাত্রলীগ নেতা মাইদুর রহমান বাকীকে।
ফাঁস হওয়া স্ক্রিনশটে বাকীকে বলতে দেখা যায়, “আমাগো ছাড়া অরা কিচ্ছু করতে পারবে না। আমাদের কাজ আমরা গুছাতে থাকি।” একই সঙ্গে তিনি কোন ব্যাচ থেকে কতজনকে কমিটিতে নেওয়া হবে—সে বিষয়ে নির্দেশনাও দেন।
জানা যায়, ২০১৭ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাইদুর রহমান বাকীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। এছাড়া ২০২২ সালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই ঘটনায় সাতজন শিক্ষার্থী গুরুতর আহত হন।
শিক্ষার্থীদের অভিযোগ, নিষিদ্ধ হওয়ার পর ছাত্রলীগ পরিচয় গোপন করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে এবং ক্যাম্পাসে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের সংগঠক এম এস রহমান বলেন, “সন্ত্রাসী মাইদুর রহমান বাকী ও তার অনুসারীরা আমাদের কমিটিতে জায়গা পাওয়ার জন্য সমঝোতার প্রস্তাব দিয়েছিল। আমরা সেই অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করায় তারা আমার বিরুদ্ধে বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। নিষিদ্ধ সংগঠনের কেউ কখনোই ছাত্র অধিকার পরিষদে পদ পেতে পারে না। তারা মূলত ভিপি নুরের জনপ্রিয়তা ও রাজনৈতিক প্রভাব অপব্যবহার করার কূটকৌশল আঁটছে।”
এ বিষয়ে জানতে চাইলে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন,
“আমরা বিষয়টি সম্পর্কে শুনেছি। ছাত্রলীগের কিছু কর্মী একটি গ্রুপ খুলে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। তবে আমাদের সঙ্গে তাদের কোনো ধরনের যোগসাজশ নেই। সবকিছু যাচাই-বাছাই করে তবেই কমিটি দেওয়া হবে। এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংগঠক এম এস রহমান শিগগিরই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।”
পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক







