ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের নেতৃত্বে প্রভাত ফেরিসহ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হলসহ সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ পুষ্পস্তবক অর্পণে অংশগ্রহণ করে।
দিবসটির তাৎপর্য তুলে ধরতে সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ড. রাহাত হোসাইন ফয়সালের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন ড. ধীমান কুমার রায়, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ তানভীর কায়ছার, জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফয়সল মাহমুদ এবং কর্মচারীদের পক্ষে হাসানুজ্জামান।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আলিফ খান বাপ্পি এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ফারিমা ফরহাদ। বাংলা বিভাগের চেয়ারম্যান মোহসিনা হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় প্রধান, পরিচালকবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে মহান শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনায় বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক







