বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষের অধিকার ও নারীদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে তিনি নিজের জীবন দিতেও প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, “জীবন বিসর্জন দিলেও মা-বোনদের ইজ্জত ক্ষুণ্ন হতে দেব না।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী কোনো একটি দলের রাজনৈতিক সাফল্যের জন্য নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। মা ও বোনদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা তাদের রাজনীতির অন্যতম মৌলিক অঙ্গীকার বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, গত ৫ আগস্টের আগে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের যে সংস্কৃতি চালু ছিল, জামায়াত ক্ষমতায় গেলে তার স্থায়ী অবসান ঘটানো হবে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে নির্মম হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটতে দেওয়া হবে না।
দুর্নীতি ও অর্থ পাচারের প্রসঙ্গ টেনে জামায়াত আমির দাবি করেন, বিগত সরকারগুলোর সময়ে দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। জনগণের ভোটে ক্ষমতায় এলে এই অর্থ উদ্ধার করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
দলীয় অবস্থান তুলে ধরে তিনি বলেন, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল এবং হাজার হাজার নেতাকর্মীর কারাবরণ ও নির্যাতনের মধ্য দিয়েও দলটি জনগণের কল্যাণের রাজনীতি থেকে সরে আসেনি।
৫ আগস্টের পরবর্তী পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, সরকার পরিবর্তনের পর জামায়াত প্রতিশোধের রাজনীতিতে যায়নি। বরং মানুষের জানমাল রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। তিনি আসন্ন নির্বাচনে প্রথম ধাপে গণভোট এবং পরবর্তী ধাপে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের সুযোগ দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াত শাসিত বাংলাদেশে রাষ্ট্রপতি থেকে শুরু করে সাধারণ নাগরিক—সবার জন্য আইনের শাসন ও বিচারের মানদণ্ড হবে সমান। কোনো পরিবার বা গোষ্ঠীর স্বার্থ নয়, রাষ্ট্র পরিচালিত হবে গণমানুষের কল্যাণে।
তিনি বলেন, একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে লুটেরাদের নয়, আমানতদারদের হাতে রাষ্ট্রের দায়িত্ব তুলে দেওয়া জরুরি। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিক যোগ্যতা অনুযায়ী দেশ গড়ার সুযোগ পাবে—এমন রাষ্ট্র ব্যবস্থার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির।
পাবলিকিয়ান টুডে/ এন| মূলসূত্র: ইত্তেফাক
[news_photocard_button text=”ডাউনলোড ফটোকার্ড”]







