বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন পোশাক খাতের ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমান। তাঁকে নিয়োগ দেওয়ার বিষয়টি বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে চার বছর মেয়াদে গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়।
ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ করা মোস্তাকুর রহমান বর্তমানে হেরা সোয়েটার গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত।
তিনি পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর বাংলাদেশ ব্যাংক–বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে গত বছরের জুলাই থেকে দায়িত্ব পালন করে আসছেন।
মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে ১৯৯১ সালে আইসিএমএবি থেকে ডিগ্রি নেন।
ব্যবসায়ী কোনো সংগঠনের শীর্ষ নেতৃত্বে তাঁকে দেখা না গেলেও পেশাজীবী হিসেবে বিভিন্ন সংগঠনের সদস্য ছিলেন তিনি।
গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১৪ আগস্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব দেয়।
বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এমন এক সময়ে গভর্নর পরিবর্তন করা হলো, যখন কেন্দ্রীয় ব্যাংকে আহসান এইচ মনসুরের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন একদল কর্মকর্তা।
তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া ও বদলি করার ঘটনায় বেলা ১২টায় বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ব্যানারে কেন্দ্রীয় ব্যাংকে প্রতিবাদ সমাবেশ করেন তাঁরা।
দাবি না মানলে বৃহস্পতিবার থেকে গভর্নরের পদত্যাগের দাবিতে কলমবিরতিতে যাওয়ার ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে।
পদত্যাগের দাবির বিষয়ে আহসান এইচ মনসুর সাংবাদিকদের বলেন, পদত্যাগ কোনো ইস্যু নয়। তিনি এখানে চাকরি করতে আসেননি, সেবা দিতে এসেছেন। প্রয়োজন হলে দুই সেকেন্ড সময় লাগবে না পদত্যাগ করতে। তবে প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
পাবলিকিয়ান টুডে/ আয়নুল|ফেসবুক







