বিএনপির নারী কর্মী ও সমর্থকরা সারা দেশে পরিকল্পিতভাবে জামায়াত ও ছাত্র শিবিরের সহিংসতার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই নারীদের লক্ষ্য করে হামলা, হুমকি ও হয়রানি চালানো হচ্ছে বলে জানান তিনি।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের উপস্থিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন রিজভী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘ধর্মকে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের নারীদের সম্পর্কে অশ্লীল ভাষায় মন্তব্য করছে একটি রাজনৈতিক দলের বট বাহিনী। জামায়াত ও ছাত্র শিবির নারীদের অনলাইন অফলাইন সব মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করছে। প্রতিনিয়ত বিএনপির নারী কর্মীদের হুমকি দিচ্ছে।’
রিজভীর দাবি, এসব কর্মকাণ্ড শুধু রাজনৈতিক প্রতিপক্ষ দমন নয়, বরং নারীদের সামাজিক নিরাপত্তা ও মর্যাদার ওপর সরাসরি আঘাত। তিনি বলেন, একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শ নারীদের নেতৃত্ব ও ক্ষমতায়নের বিপক্ষে অবস্থান নিয়েছে।জামায়াতের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে রিজভী আরও বলেন,‘জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দেশের নারীরা। দলটির আমির প্রকাশ্যে বলেছেন, তার দলের প্রধান কখনো কোনো নারী হতে পারবে না।’তিনি আরও উল্লেখ করেন, জামায়াতের পক্ষ থেকে কোনো নারী সংসদ সদস্য প্রার্থী না থাকা দলটির নারী-বিরোধী দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। এ ধরনের রাজনীতি দেশের গণতন্ত্র, নারী অধিকার ও সামাজিক অগ্রগতির জন্য হুমকি বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
পাবলিকিয়ান টুডে/ এন| মূলসূত্র: কালের কন্ঠ






